বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য ও গালিগালাজের অভিযোগে ময়মনসিংহের গৌরীপুর থেকে শফিক নামের এক সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে উপজেলার ৯নং ওয়ার্ড অচিন্তপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আজ (শনিবার) পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে। গ্রেপ্তার হওয়া শফিক অচিন্তপুর ইউনিয়নের সাবেক মেম্বার।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি সাবেক ইউপি সদস্য শফিক তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আল্লামা মামুনুল হককে জড়িয়ে অত্যন্ত আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। শুধু তাই নয়, একটি ভিডিওর মাধ্যমে তিনি গালিগালাজও করেন, যা দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর স্থানীয় লোকজন ও সংগঠনের কর্মীরা তাকে বোঝানোর চেষ্টা করেন। ভিডিওটি সরিয়ে নিয়ে তাকে ভুল স্বীকার করতে বলা হলেও তিনি নিজের দাবিতে অনড় থাকেন এবং বক্তব্য প্রত্যাহার করতে অস্বীকৃতি জানান। শফিকের এমন আচরণে এলাকায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ও আইনি প্রতিকার চেয়ে বাংলাদেশ খেলাফত মজলিস গৌরীপুর উপজেলা শাখা পুলিশে অভিযোগ দায়ের করে।
শফিকের এই আপত্তিকর ভিডিওকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই অচিন্তপুর এলাকায় উত্তেজনা চলছিল। স্থানীয় উলামা সমাজ ও সাধারণ মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তার শাস্তির দাবি আসছিলেন। আইনি প্রক্রিয়া শুরুর পর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে গত রাতে শফিককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। শফিক গ্রেপ্তার হওয়ার পর এলাকায় উত্তেজনা কমে আসে এবং স্বস্তি ফিরে পায় স্থানীয় মানুষ। দ্রুত ব্যবস্থা নেওয়ায় গৌরীপুর থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।
পুলিশ জানিয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়েরের পর আজ তাকে আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

