নিজস্ব প্রতিনিধি | গৌরীপুর, ময়মনসিংহ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শাহগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে কিছু হিজড়ার বিরুদ্ধে বিয়ের গাড়ি, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন আটকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের দাবি, বাজারের কয়েকটি স্থানে দাঁড়িয়ে তারা আগত যানবাহনের গতিরোধ করে টাকা দাবি করেন।
এতে বিশেষ করে বিয়ের গাড়ি ও দূর-দূরান্ত থেকে আসা ব্যক্তিগত যানবাহনগুলো বেশি সমস্যার মুখে পড়ছে বলে অভিযোগ রয়েছে। অনেক চালক ও যাত্রী বাধ্য হয়ে ঝামেলা এড়াতে টাকা দিয়ে চলে যান।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এমন ঘটনার কারণে বাজারে আসা বাইরের মানুষদের মধ্যে অস্বস্তি তৈরি হচ্ছে। এতে শাহগঞ্জ বাজারের স্বাভাবিক পরিবেশ ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, “অনেক সময় গাড়ি থামিয়ে টাকা চাইলে যাত্রীরা বিব্রত হন। এতে বাজারের বদনাম হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বিষয়টি দীর্ঘদিন ধরে চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দিনে দিনে পরিস্থিতি আরও দৃশ্যমান হয়ে উঠছে।
এলাকাবাসীর দাবি, বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে এনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা আশা করছেন, প্রশাসন দ্রুত বিষয়টি খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে

